
গণপ্রজাতন্ত্রী
বাংলাদেশের সংবিধান
১[বিসমিলাহির-রহমানির
রহিম]
[(দয়াময়, পরম দয়ালু, আলাহের নামে)]
আমরা, বাংলাদেশের জনগণ, ১৯৭১ খ্রীষ্টাব্দের
মার্চ মাসের ২৬
তারিখে স্বাধীনতা
ঘোষণা করিয়া ২[জাতীয়
স্বাধীনতার জন্য
ঐতিহাসিক যুদ্ধের]
মাধ্যমে স্বাধীন
ও সার্বভৌম গণপ্রজাতন্ত্রী
বাংলাদেশ প্রতিষ্ঠিত
করিয়াছি;
৩[আমরা
অঙ্গীকার করিতেছি
যে, যে সকল মহান
আদর্শ আমাদের বীর
জনগণকে জাতীয় স্বাধীনতার
জন্য যুদ্ধে আত্মনিয়োগ
ও বীর শহীদদিগকে
প্রাণোৎসর্গ করিতে উদ্বুদ্ধ
করিয়াছিল সর্বশক্তিমান
আলাহের উপর পূর্ণ
আস্থা ও বিশ্বাস, জাতীয়তাবাদ, গণতন্ত্র এবং
সমাজতন্ত্র অর্থাৎ
অর্থনৈতিক ও সামাজিক
সুবিচারের সেই
সকল আদর্শ এই সংবিধানের
মূলনীতি হইবে;]
আমরা আরও
অঙ্গীকার করিতেছি
যে, আমাদের রাষ্ট্রের
অন্যতম মূল লক্ষ্য
হইবে গণতান্ত্রিক
পদ্ধতিতে এমন এক
শোষণমুক্ত সমাজতান্ত্রিক
সমাজের প্রতিষ্ঠা-
যেখানে সকল নাগরিকের
জন্য আইনের শাসন, মৌলিক মানবাধিকার
এবং রাজনৈতিক, অর্থনৈতিক ও সামাজিক
সাম্য, স্বাধীনতা
ও সুবিচার নিশ্চিত
হইবে;
আমরা দৃঢ়ভাবে
ঘোষণা করিতেছি
যে, আমরা যাহাতে
স্বাধীন সত্তায়
সমৃদ্ধি লাভ করিতে
পারি এবং মানবজাতির
প্রগতিশীল আশা-আকাঙ্ক্ষার
সহিত সঙ্গতিরক্ষা
করিয়া আন্তর্জাতিক
শান্তি ও সহযোগিতার
ক্ষেত্রে পূর্ণ
ভূমিকা পালন করিতে
পারি, সেইজন্য বাংলাদেশের
জনগণের অভিপ্রায়ের
অভিব্যক্তিস্বরূপ
এই সংবিধানের প্রাধান্য
অক্ষুণ্ন রাখা
এবং ইহার রক্ষণ, সমর্থন ও নিরাপত্তাবিধান
আমাদের পবিত্র
কর্তব্য;
এতদ্বারা
আমাদের এই গণপরিষদে, অদ্য তের শত ঊনআশী
বঙ্গাব্দের কার্তিক
মাসের আঠার তারিখ, মোতাবেক ঊনিশ
শত বাহাত্তর খ্রীষ্টাব্দের
নভেম্বর মাসের
চার তারিখে, আমরা এই সংবিধান
রচনা ও বিধিবদ্ধ
করিয়া সমবেতভাবে
গ্রহণ করিলাম।
১ The
Second Proclamation (Fifteenth Amendment) Order, 1978 (Second Proclamation
Order No. IV of 1978) এর 2nd Schedule বলে সন্নিবেশিত।
২ The
Second Proclamation (Fifteenth Amendment) Order, 1978 (Second Proclamation
Order No. IV of 1978) এর 2nd Schedule বলে ‘জাতীয় মুক্তির
জন্য ঐতিহাসিক
সংগ্রামের’ শব্দগুলির
পরিবর্তে প্রতিস্থাপিত।
৩ The
Second Proclamation (Fifteenth Amendment) Order, 1978 (Second Proclamation
Order No. IV of 1978) এর 2nd Schedule বলে দ্বিতীয়
অনুচ্ছেদের পরিবর্তে
প্রতিস্থাপিত।